নারায়ণগঞ্জ জেলা রোভারে ১ম সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন

দে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৫:৩৩
নারায়ণগঞ্জ জেলা রোভারে ১ম সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন



বাংলাদেশ স্কাউটসের রোভার শাখার দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন নারায়ণগঞ্জ জেলা রোভারের সরকারি তোলারাম কলেজ রোভার স্কাউট গ্রুপের মেধাবী শিক্ষার্থী ও সিনিয়র রোভার মেট মো. জসিম উদ্দিন। ২০২৫ সালের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জাতীয় পর্যায়ের ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।


মো. জসিম উদ্দিনের এ অর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা রোভারের ইতিহাসে প্রথমবারের মতো সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জিত হলো। এর আগে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করেন।


বাংলাদেশ স্কাউটসের রোভার প্রোগ্রামের আওতায় শিশুদের ১০টি মারাত্মক রোগ ও এসব রোগের টিকা গ্রহণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, সমাজসেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ ১৯৯৫ সাল থেকে ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়ে আসছে।


অ্যাওয়ার্ড অর্জনের জন্য নির্ধারিত বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পর তার বিস্তারিত তথ্য ও কার্যক্রমের প্রমাণসহ লগবই জমা দিতে হয়। এরপর নির্ধারিত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এসব ধাপ সফলভাবে সম্পন্ন করার পর জাতীয় পর্যায়ে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন মো. জসিম উদ্দিন।


তার এই অর্জনে সরকারি তোলারাম কলেজ রোভার স্কাউট গ্রুপ, নারায়ণগঞ্জ জেলা রোভারসহ স্কাউটসের সংশ্লিষ্টরা অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য