দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্টদের পুনর্বাসনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, তাদের যারা ফিরিয়ে আনতে চায়, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে যেন কেউ আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করতে গেলে ভুল হতে পারে। তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে। একই সঙ্গে ক্ষমতায় থাকা ব্যক্তিরাও যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠেন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।