মাত্র ১০০ ফলোয়ারেই মনিটাইজেশন! নতুন সুযোগ দিচ্ছে দেশি সোশ্যাল মিডিয়া

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৩:০০
মাত্র ১০০ ফলোয়ারেই মনিটাইজেশন! নতুন সুযোগ দিচ্ছে দেশি সোশ্যাল মিডিয়া

মাত্র ১০০ ফলোয়ার! শুনতে অবাক লাগলেও এই সংখ্যক ফলোয়ার থাকলেই এখন মনিটাইজেশনের দরজা খুলে দিতে যাচ্ছে বাংলাদেশে তৈরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম DeshiGram। যেখানে বড় বড় সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ের সুযোগ পেতে ক্রিয়েটরদের দীর্ঘ সময় ধরে ফলোয়ার ও ভিউয়ের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হয়, সেখানে DeshiGram তুলনামূলকভাবে সহজ শর্তে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে শুধু ১০০ ফলোয়ার থাকলেই হবে না, মনিটাইজেশনের জন্য একজন ক্রিয়েটরের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, অ্যাকাউন্টের বয়স হতে হবে অন্তত ৩০ দিন, সর্বশেষ ৩০ দিনে থাকতে হবে ১০ হাজার এনগেজমেন্ট এবং নিজের তৈরি কমপক্ষে পাঁচটি অরিজিনাল কনটেন্ট থাকতে হবে। পাশাপাশি একবার পরিচয় যাচাই করতে হবে। অর্থাৎ ফলোয়ার সংখ্যা কম হলেও যারা নিয়মিত ও নিজস্ব কনটেন্ট তৈরি করছেন, তাদের জন্য আয়ের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। আরও একটি বিষয় হলো, ফ্রি কিংবা পেইড—দুই ধরনের ব্যবহারকারীর জন্যই মনিটাইজেশনের যোগ্যতার শর্ত একই রাখা হয়েছে। তবে যোগ্যতা অর্জনের পর পেইড প্ল্যানের ব্যবহারকারীরা তুলনামূলক বেশি আর্নিং রেট ও অতিরিক্ত কিছু সুবিধা পাবেন। একই সঙ্গে ভুয়া লাইক, বট কমেন্ট কিংবা কৃত্রিমভাবে এনগেজমেন্ট বাড়িয়ে আয় করার সুযোগ থাকছে না। DeshiGram-এর আয়ের ব্যবস্থায় রয়েছে তাদের নিজস্ব ইন-অ্যাপ ডিজিটাল পয়েন্ট ‘DeshiCoin’। আর এখানেই রয়েছে প্ল্যাটফর্মটির অন্যতম আলাদা বৈশিষ্ট্য। বড় প্ল্যাটফর্মগুলোতে যেখানে নির্দিষ্ট পরিমাণ আয় না হওয়া পর্যন্ত অর্থ তোলার সুযোগ থাকে না, সেখানে DeshiGram-এ মাত্র ১০ DeshiCoin জমা হলেই ক্রিয়েটর সেটি নিজের ইন-অ্যাপ ওয়ালেটে ক্লেইম করতে পারবেন। তবে এই DeshiCoin কোনো ক্রিপ্টোকারেন্সি নয় এবং এর কোনো নগদ মূল্যও নেই। এটি মূলত প্ল্যাটফর্মের ভেতরে ব্যবহারের জন্য তৈরি ডিজিটাল পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে পোস্ট বুস্ট করা, প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা, লাইভে গিফট পাঠানো, ব্যবসা বা পেজের প্রচারণা চালানো এবং বিভিন্ন ক্রিয়েটর সার্ভিস নেওয়ার মতো সুবিধা পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, প্ল্যাটফর্মে অন্তত ১ থেকে ২ কোটি সক্রিয় ব্যবহারকারী হওয়ার পর DeshiCoin থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। শুধু আয়ের সুযোগ তৈরি করেই থেমে থাকছে না DeshiGram, বরং ভবিষ্যতে আয়ের একটি বড় অংশ ক্রিয়েটরদের দেওয়ার পরিকল্পনাও করছে প্ল্যাটফর্মটি। ধাপে ধাপে চালু হতে যাওয়া বিভিন্ন আয়ের মাধ্যমে ক্রিয়েটররা পাবেন ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত অংশ। বিজ্ঞাপন থেকে ৭০ শতাংশ, সরাসরি টিপস ও লাইভ গিফট থেকে ৮০ শতাংশ, পেইড আর্টিকেল ও সুপারচ্যাট থেকে ৮৫ শতাংশ এবং পেইড মেসেজ ও ভয়েস কল থেকে ৯০ শতাংশ পর্যন্ত আয় ভাগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নিয়মিত কনটেন্ট তৈরি করা ক্রিয়েটরদের উৎসাহিত করতে থাকছে ‘স্ট্রিক রিওয়ার্ড’ও। তিন দিন থেকে শুরু করে এক হাজার দিন পর্যন্ত সক্রিয় থাকলে মিলবে ব্যাজ, বুস্ট, বোনাস ক্রেডিট ও গিফট। আর যারা একেবারে শুরু থেকেই প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা পাবেন ‘Early Creator’ ব্যাজ, বিভিন্ন ইভেন্টে আমন্ত্রণ এবং ভবিষ্যতে ব্র্যান্ড ডিলের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার সুযোগ। বর্তমানে Public Beta পর্যায়ে থাকা DeshiGram-এ পোস্ট, স্টোরি, রিলস, কমেন্ট, রিঅ্যাকশন, ফলো এবং ব্যক্তিগত মেসেজিংয়ের মতো সুবিধা রয়েছে। সম্প্রতি যুক্ত হয়েছে লং-ফর্ম ভিডিও আপলোডের সুবিধাও। এর পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ভয়েস পোস্ট ও ভয়েস কমেন্ট—অর্থাৎ চাইলে এখন লেখার পরিবর্তে নিজের কণ্ঠেই পোস্ট করা যাবে কিংবা অন্যের পোস্টে কণ্ঠে মন্তব্য করা যাবে। ভবিষ্যতের পরিকল্পনাতেও রয়েছে আরও বেশ কিছু ফিচার। পেইড আর্টিকেল, সুপারচ্যাট, পেইড ভয়েস কলসহ নতুন নতুন মনিটাইজেশন সুবিধার পাশাপাশি নিজস্ব AI সেবা, ডিজিটাল পেমেন্ট সুবিধা DeshiPay, DeshiWallet এবং DeshiChain ইকোসিস্টেমের সঙ্গে আরও গভীর সংযুক্তির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। প্রতিটি নতুন ফিচার চালুর আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। DeshiGram-এর ফাউন্ডার ও সিইও রাহাত জিদনি ওসামার ভাষায়, “আয় তখনই আসল মূল্য পায়, যখন সেটা ব্যবহার করা যায়। আমরা চাই না কোনো ক্রিয়েটরের পরিশ্রমের আয় বছরের পর বছর ড্যাশবোর্ডে আটকে থাকুক। তাই আমাদের মূলমন্ত্র Earn → Use → Grow।” সব মিলিয়ে DeshiGram-এর এই উদ্যোগ শুধু নতুন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাই নয়, বরং তুলনামূলক কম ফলোয়ার থাকা ক্রিয়েটরদেরও কনটেন্ট তৈরিতে উৎসাহিত করে একটি দেশীয় ক্রিয়েটর ইকোসিস্টেম গড়ে তোলার চেষ্টা। এখন দেখার বিষয়, ১০০ ফলোয়ার থেকেই মনিটাইজেশনের এই সুযোগ বাস্তবে কতটা জনপ্রিয়তা পায় এবং বাংলাদেশের ক্রিয়েটরদের জন্য DeshiGram ভবিষ্যতে কতটা কার্যকর একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য