কুমিল্লার লাকসামে অত্যন্ত ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়ান বর্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় লাকসাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন লাকসাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার চেতনার অন্যতম প্রধান কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালি জাতির সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নজরুলের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, জাতীয় কবির সাহিত্য, সংগীত, সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক চেতনা এবং সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মো মোশাররফ হোসেন মশু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাঙালি জাতির জন্য অবদান, তাঁর সাহিত্যকর্ম, সংগীত ও সমাজ পরিবর্তনের চিন্তাধারা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও আদর্শের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
ইউএনও, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা জানান, এই প্রতিযোগিতা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাইকৃত উত্তীর্ণরা পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় এবং লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ তৈরি হয়।