প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০ দিনের প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা ও সংস্কার উদ্যোগ নিয়ে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে। এতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
ই-বুকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ, সরকারি সেবা সংস্কার, বিচারব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে।
## আইনের শাসন ও বিচারব্যবস্থা
ই-বুকে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ১৯ দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
এ ছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাসের কথা উল্লেখ করা হয়েছে।
জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর ধরে পলাতক আসামি মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তারের বিষয়টিও ই-বুকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।
## অর্থনীতি ও বাজেট
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে প্রথমবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের বিষয়টি ই-বুকে উল্লেখ করা হয়েছে। বাজেটটি ‘৩আর’—রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন—কৌশলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।
ই-বুকে দাবি করা হয়েছে, পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহার এবং ধাপে ধাপে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাবের কথাও এতে উল্লেখ করা হয়েছে।
## শিক্ষা ও স্বাস্থ্য
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগের কথা ই-বুকে তুলে ধরা হয়েছে।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
## ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো একক জোটের প্রতি একপাক্ষিকভাবে নির্ভরশীল না হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলা হয়েছে।
চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথাও ই-বুকে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রায় চার দশক পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব লাভ করেছে বলে জানানো হয়েছে। সৌদি আরব বাংলাদেশিদের জন্য সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ই-ভিসা সুবিধা চালুর বিষয়টিও এতে স্থান পেয়েছে।
## পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন
পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে কর্মসূচি শুরুর কথা জানানো হয়েছে।
ই-বুকের তথ্য অনুযায়ী, দেশের ৬২টি জেলায় ২ হাজার ১৬৫ কিলোমিটারের বেশি খাল পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে।
এ ছাড়া ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়)’ প্রকল্প অনুমোদন এবং তিস্তা মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করার বিষয়টিও ই-বুকে তুলে ধরা হয়েছে।