কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১১:০৬
কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী


দেশের বিশাল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্প্রসারণই সময়ের দাবি।


শনিবার (১ আগস্ট) রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনা প্রয়োজন।


তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে দেশের বিপুল মানবসম্পদকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।


কারিগরি শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ আন্দোলনের স্মৃতি কখনো মুছে যাবে না। দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।


তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী জনশক্তি তৈরি করতে হবে।


বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উপস্থাপনের আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী।


অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা তুলি বলেন, দেশের উন্নয়নে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আপস করা যাবে না।


এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্ররাজনীতি নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে জুলাই আন্দোলন নিয়ে কোনো বিভেদ নেই। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতিচারণও করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য