বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও ব্যবসায়িক অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান।
বৈঠকে মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বোস্কিও উপস্থিত ছিলেন। এতে দুই দেশের জ্বালানি খাতের সম্প্রসারণ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও এলপিজি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য ক্ষেত্রে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়িক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে জ্বালানি খাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও সেগুলোর বাস্তবসম্মত সমাধান নিয়েও খোলামেলা আলোচনা হয়। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরবর্তী বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
এ সময় মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের জ্বালানি খাতের ধারাবাহিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।