দেশে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধ সংঘটনের পর শুধু অপরাধীকে গ্রেপ্তার, বিচার ও শাস্তির মাধ্যমে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধের নেপথ্যের কারণ খুঁজে বের করে সেগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে ঘটনার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কেন অপরাধ সংঘটিত হচ্ছে, সেটিও বিশ্লেষণ করা জরুরি। সমাজের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে অপরাধের উৎস ও কারণ চিহ্নিত করতে হবে।
তার মতে, অনেক গুরুতর অপরাধের পেছনে মাদকাসক্তি ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এসব সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য অপরাধও কমানো সম্ভব হতে পারে।
অপরাধকে একটি ‘উপসর্গ’ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক ক্ষেত্রে দৃশ্যমান অপরাধের মূল সমস্যা অন্য জায়গায় থাকে। সেই কারণগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে পারলে অপরাধের হার কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক আহত বা ক্ষতিগ্রস্ত হলে তাকে সহায়তা দেওয়ার জন্য সরকারি উদ্যোগ কিংবা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির মাধ্যমে কোনো ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হবে বলে জানান তিনি।
ক্রাইম রিপোর্টিংকে অন্যান্য অনেক বিটের সাংবাদিকতার তুলনায় আলাদা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ কাজের বড় একটি অংশ অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ফলে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বিভিন্ন ধরনের ঝুঁকির মুখেও পড়তে হয়।
অপরাধের ধরন সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও নতুন ধরনের অপরাধ সম্পর্কে ক্রাইম রিপোর্টারদের দক্ষতা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির নিউজ এডিটর এম এম বাদশাহ।