জঙ্গল সলিমপুরে ৩০০ একর জমিতে হবে পুলিশ একাডেমি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১৪:১০
জঙ্গল সলিমপুরে ৩০০ একর জমিতে হবে পুলিশ একাডেমি



চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রায় ৩০০ একর সরকারি জমিতে একাডেমিটি নির্মাণের পাশাপাশি আরও ৭২ একর জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সভা দুটি হলো ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার এবং এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করতে সরকার উদ্যোগ নিয়েছে। উদ্ধার করা জমির মধ্যে প্রায় ৩০০ একরে পুলিশ একাডেমি গড়ে তোলা হবে। এ ছাড়া ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।


তিনি জানান, সরকারি জমিতে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সেখানে অবৈধভাবে বসবাসকারীদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।


এদিকে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদার করতে নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, কক্সবাজারের রঙ্গিখালী ও নোয়াখালীপাড়াসহ পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা প্রতিরোধে সেনাবাহিনীর দুটি নতুন ক্যাম্প স্থাপন করা হবে। রামুর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে এসব ক্যাম্প পরিচালিত হবে।


পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের বাইরে ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সৌরবিদ্যুৎচালিত বাতি স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।


ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসা, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।


তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ জন উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্ত পরিচালনার আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে অপরাধের তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে সরকার।


জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে নির্ধারিত কার্যপদ্ধতি অনুযায়ী নিরাপত্তা জোরদারের ব্যবস্থাও বহাল থাকবে বলে জানান তিনি।


রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য