জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
হুমায়ুন কবির বলেন, এই সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে।
নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে ভাষণ দেওয়া। এর বাইরে সাইডলাইনে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হবে, যেগুলোর অনেক সিদ্ধান্ত শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক করবেন, তা চূড়ান্ত হলে জানানো হবে।
এদিকে সফরে রোহিঙ্গা সংকটও বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। এ সংকটের সমাধানে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা এবং একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ দেশের গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা চাওয়া হবে।