গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১০:৩৫
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

দেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি হতে দেবে না বলে মন্তব্য করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, শহীদের রক্তের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।

গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা তো আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না। তাদের দেখেন, কোনো অনুশোচনা নেই।’

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রসঙ্গে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইয়ে যারা আত্মাহুতি দিয়েছে, সেইসব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘যারা জীবন দিয়ে গেছে ১৯৭১ সালে, তারাও কিছু পায়নি। আপনারাও হয়তো যা প্রাপ্য তা পাবেন না, কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান পাবেন। গরিব দেশের যতটুকু সাধ্য আছে, সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্য।’

গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘৭১-এর জনযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে জুলাইয়ের এই যুদ্ধও ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাউকে কাউকে বলতে শুনেছি, আমরা কি নির্বাচনের জন্য জীবন বিসর্জন দিয়েছি নাকি? নির্বাচন তো গণতন্ত্রের অনুষঙ্গ।’

তিনি বলেন, ‘এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ততদিনই আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে। সুতরাং গণতন্ত্র কোনো হেলাফেলার জিনিস নয়।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে এনসিপির নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ক্ষোভ ও বিব্রতবোধ প্রকাশ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের যাত্রাপথ সহজ নয়। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্য, সংযম ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সজাগ থাকতে হবে, যাতে কোনো বিভাজন বা সংকীর্ণ স্বার্থ আমাদের জাতীয় অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচার করা হবে। আদালতই ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণহত্যার জন্য দায়ী দলটির বিষয়ে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। বাংলাদেশের মানুষ গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য