গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০৮
গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর



পরিবর্তনশীল প্রযুক্তির যুগে জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রেভল্যুশন অডিটরিয়ামে’ ‘গণমাধ্যম, গণ-আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট ডিভাইসের বিকাশ সমাজ ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে। ডিজিটাল প্রযুক্তির কারণে জনগণের মতামত ও আকাঙ্ক্ষা এখন সরাসরি বিভিন্ন মাধ্যমে প্রকাশের সুযোগ পাচ্ছে।


তিনি বলেন, আগে সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত গণমাধ্যমের প্রচারণাকেই মূলত গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে জনগণের স্বতঃস্ফূর্ত মতামত ও গণ-আকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে।


জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মতো প্রতিষ্ঠানের মূল কাঠামো এমন সময়ে গড়ে উঠেছিল, যখন ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের ব্যাপক ব্যবহার ছিল না। বর্তমান বাস্তবতায় দর্শক ও শ্রোতাদের পরিবর্তিত চাহিদা, ক্লাউড প্রযুক্তি এবং নতুন চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন।


জনগণের আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে কার্যকরভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞ জ্ঞান, উপযোগী প্রযুক্তি ও দক্ষতার সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।


সেমিনারে উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।


জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কর্ম কমিশনের সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।


সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য