গাবতলী–দাসেরকান্দি নতুন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় বাড়ল আরও দুই লাইনের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৩
গাবতলী–দাসেরকান্দি নতুন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় বাড়ল আরও দুই লাইনের


রাজধানীতে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত নতুন মেট্রোরেল নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-৫-এর সাউদার্ন রুট হিসেবে নির্মিত হতে যাওয়া এ প্রকল্পে ব্যয় হবে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।


বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।


নতুন মেট্রোরেল প্রকল্প অনুমোদনের পাশাপাশি চলমান আরও দুটি মেট্রোরেল প্রকল্পের ব্যয় দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে।


সংশোধনের পর ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-৫-এর নর্দান রুটের মোট ব্যয় দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি টাকা। আর এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি টাকা।


পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণের সুদের হার সামনে আরও বাড়তে পারে। তার ভাষ্য অনুযায়ী, চলতি মাসের পর ঋণের সুদের হার ৩ শতাংশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরও ছয় মাস বিলম্ব হলে তা সাড়ে ৩ শতাংশের বেশি হতে পারে। এ কারণে জাপানি ঋণে বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্প দুটির সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।


মেট্রোরেল প্রকল্পের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যায় জোনায়েদ সাকি বলেন, দেশে এখনো নিজস্বভাবে মেট্রোরেল নির্মাণের পূর্ণ সক্ষমতা তৈরি হয়নি। জাপানের পক্ষ থেকেও এর চেয়ে কম ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলে জানানো হয়েছে। সংশোধিত ব্যয় কারিগরি কমিটির মাধ্যমে যাচাই করা হয়েছে বলেও জানান তিনি।


এদিকে বুধবারের একনেক সভায় সব মিলিয়ে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ের ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।


অনুমোদিত প্রকল্পগুলোতে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা। আর প্রকল্প ঋণ থেকে আসবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা।


একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন, নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ।


এ ছাড়া বরিশাল সেনানিবাস স্থাপন, খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসনসহ অবকাঠামো নির্মাণ, খুলনার পয়োনিষ্কাশনব্যবস্থা উন্নয়ন, বস্ত্র ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন এবং মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণের প্রকল্পও অনুমোদন পেয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য