ফজরের পর অল্প লোক নিয়ে মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪
ফজরের পর অল্প লোক নিয়ে মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মাঝেমধ্যে অল্পসংখ্যক মানুষ নিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করা হয় এবং পরে সেসব মিছিলের ভিডিও তৈরি করা হয়।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময়ে কিছু কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোককে নিয়ে মিছিল করা হয় এবং সেই মিছিলের ভিডিও ধারণ করা হয়। এসব মিছিলের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।


এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে বলেও জানান তিনি।


গুলশানে অনুষ্ঠিত একটি মিছিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, দিনের বেলা প্রায় ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কয়েকজন সেখানে জড়ো হয়েছিলেন। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি জানান, ওই ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার হওয়ায় পুলিশ হয়তো ধারণা করতে পারেনি, ওই সময়ে জুমার নামাজের কথা বলে জড়ো হওয়া ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেবেন।


গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তাই এটিকে পুলিশের ব্যর্থতা বলা ঠিক হবে না।


এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী নির্বাচন পরিচালনা করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় প্রয়োজন।


নির্বাচন কমিশনের প্রকাশ করা সম্ভাব্য নির্বাচনী সূচিকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।


ওই সভায় সংশ্লিষ্টদের মতামত পাওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য