এসএসসি ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, থাকছে না নতুন কোনো পরিবর্তন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১০:৪২
এসএসসি ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, থাকছে না নতুন কোনো পরিবর্তন


আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রম অনুযায়ী কলেজে ভর্তি নিশ্চিত করা হবে।


সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানান আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।


তিনি বলেন, একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় এবারও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের নীতিমালার ধারাবাহিকতায় ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।


আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।


শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে মোট ২৬ লাখের বেশি আসন রয়েছে। অন্যদিকে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে এবারও উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।


তবে আদালতের নির্দেশনা অনুযায়ী নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি কলেজে আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য