ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানকে পাঠানো চিঠিতে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদের সই রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্দেশক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, গুরুতর অসুস্থতা কাটিয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হলে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।