চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১৩:৩৪
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী


আগামী ৯ আগস্ট চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা—হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্ধারিত তারিখে চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এ সফরে তিনি বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারের জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন বাড়ি হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ করেছে। সফরের সময় প্রধানমন্ত্রী এসব বাড়ির চাবি উপকারভোগীদের হাতে তুলে দেবেন।

এ ছাড়া সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী বিতরণ করবেন তিনি। সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য উপযুক্ত স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজও চলছে। পশ্চিম বাঁশখালী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয় প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য সোমবার তাকে এবং দলের সদস্যসচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক সফরসূচি হাতে পাওয়ার পর সে অনুযায়ী সব আয়োজন সম্পন্ন করা হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য