স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়নের কাঠালিয়া মৌজা থেকে সরিয়ে নিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যমুনা নদীবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বৃহদাশুরিয়া গ্রামের ভুক্তভোগী ভোটারদের দুর্ভোগের কথা তুলে ধরে কামরুল হাসান শাহিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়দের দাবি, উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে অবস্থিত। ফলে ওই ওয়ার্ডের ভোটারদের ভোট দিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয় তাদের।
মানববন্ধনে বক্তারা বলেন, উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বর্তমান ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়ন থেকে সরিয়ে উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপন করা প্রয়োজন। এতে ভোটারদের দুর্ভোগ কমার পাশাপাশি সহজে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হবে।
এ সময় উমারপুর ইউনিয়ন পরিষদের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোছা. ফুলিনা খাতুন, আব্দুল হাই মুন্সী, সাইদুর রহমান, শাহিন আলমসহ স্থানীয়রা বক্তব্য দেন। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে মানববন্ধন শেষে ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়ন থেকে সরিয়ে উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপনের দাবিতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিকভাবে দাবি জানান এলাকাবাসী।