আগামী ৭২ ঘণ্টায় দেশের পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
রোববার (৫ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি জেলার কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এসব জেলার কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী পাঁচ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের প্রভাবে সীমান্তবর্তী নদ-নদীর পানি দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টার পরিস্থিতি বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই এবং খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীর পানি কিছুটা কমেছে এবং যাদুকাটা ও ভুগাই নদীর পানি প্রায় স্থিতিশীল রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এদিকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি কমছে এবং আগামী দুই দিন এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।