চলতি অর্থবছর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে।
তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। সাধারণত পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল দেওয়া হয়। তবে গত সরকার ১১ বছরেও নতুন পে স্কেল বাস্তবায়ন করেনি।
বর্তমানে প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের মাধ্যমে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতির ওপর চাপ তৈরি হতে পারে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এ চাপ মোকাবিলায় কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
সরকারের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করা হবে। ইতিমধ্যে এ-সংক্রান্ত সচিব কমিটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে।
খসড়া প্রস্তাবে নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করবে।