ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫২
ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী


সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে।


বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীসহ সব শৃঙ্খলা বাহিনীকে সরকার ভঙ্গুর মনোবল ও দুর্বল অবস্থায় পেয়েছিল। গত ছয় মাসে তাদের অবস্থার উন্নতি হয়েছে এবং মনোবল ফিরে এসেছে। এখন তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে কাজ করছে।


তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা নেই, যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এটিকে বর্তমান সরকারের অন্যতম সাফল্য বলেও উল্লেখ করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামের শান্তির বাণী অনুসরণ করলে বিশ্বে যুদ্ধ-বিগ্রহ, অশান্তি ও বিশৃঙ্খলা থাকবে না। ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি নিশ্চিত করা সম্ভব।


তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এবং তাঁর সাহাবিদের জীবনাদর্শ অনুসরণ করে শান্তি ও ন্যায়ের পথে চলতে হবে। তাহলে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা ও বৈষম্য কমে আসবে।


রংপুরের হত্যাকাণ্ডসহ বিভিন্ন আলোচিত অপরাধের প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় জড়িতদের যৌক্তিক সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। জাতীয়ভাবে আলোচিত বা আলোচনার বাইরে থাকা বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, অপরাধীদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করা হয়েছে। স্বল্প সময়ে সরকারের পক্ষ থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য