চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৯:৪৫
চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চায় সরকার। তবে বাংলাদেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলবে না।


শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্বের ওপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চান, তাদের অনেকবার বলা হয়েছে—একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা একাত্তরের চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছেন।


তিনি বলেন, ‘আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলেন, কিন্তু পুরোনো বন্দোবস্তের ধারাতেই এগোচ্ছেন। তাদের সংশোধন হতে বলব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতো আচরণ করা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনৈতিক মাঠ অনেক কঠিন, বন্ধুর ও কণ্টকাকীর্ণ পথ। এত সহজ নয়।’


### শেখ হাসিনা ও ভারত প্রসঙ্গে


শেখ হাসিনা ও ভারত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা শেখ হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন—দুটো বিপরীতমুখী। আশা করি ভারত সরকার বিষয়টি বুঝবে।’


তিনি অভিযোগ করেন, দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার বিরুদ্ধে এ দেশে অস্থিরতা সৃষ্টির জন্য বয়ান দিয়ে যাচ্ছেন। ভারতের ‘দ্বিমুখী অবস্থান’ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের জঙ্গিবাদী তৎপরতার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের অভিযোগ করা হচ্ছে। এ ধরনের বক্তব্যকে তিনি ‘অপতত্ত্ব ও মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করেন।


### রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বললেন


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পরই বিরোধী দলের নেতাদের কাছে ছুটে গেছেন। বিএনপি কারও বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ‘বিতর্ক হবে, গণতান্ত্রিক বিতর্ক হবে। আমরা তো রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে চেয়েছি।’


বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় দেওয়া বিভিন্ন উসকানিমূলক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, যারা এসব করছে, তাদের অনেকে রাজনৈতিকভাবে এখনও ‘কচি’। তারা প্রাথমিক পর্যায়ের রাজনীতির ছাত্র হওয়ায় ভুল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


### ওয়ান-ইলেভেন প্রসঙ্গ


বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে ওয়ান-ইলেভেনের সৃষ্টি হয়েছিল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়ান-ইলেভেনের বেনিফিশিয়ারি ছিলেন শেখ হাসিনা। ওয়ান-ইলেভেনের সঙ্গে শেখ হাসিনার যোগসূত্র রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিভিন্ন ‘প্রত্যাবর্তন দিবস’ রয়েছে—তার পিতা, ছেলে, মেয়ে ও নিজের প্রত্যাবর্তন দিবস। তবে এবার শেখ হাসিনা ‘সঠিকভাবে প্রত্যাবর্তন’ করেছেন বলে মন্তব্য করেন তিনি।


### ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান


ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ‘স্পাতকঠিন ঐক্য’ তৈরি হয়েছিল, তা ধরে রাখতে হবে। সেই ঐক্যকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে।


তিনি বলেন, ‘আমাদের মধ্যে বিতর্ক হবে, তর্ক হবে, বহুমত হবে। তর্ক, বিতর্ক ও দ্বিমত প্রকাশের জন্য যে স্বাধীনতা, সেটি আমাদের পূর্ণ রাখতে হবে।’


/এসআইএন


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য