বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার: কৃষিমন্ত্রী

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 11 Jul 2026, 09:18 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার: কৃষিমন্ত্রী

দেশের যেসব অঞ্চলের কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটের সংস্কৃতি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর থেকে প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।

অনুষ্ঠানে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। তিনি সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নিয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছ সংগ্রহের আহ্বান জানান।

এর আগে কৃষিমন্ত্রী একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন। পরে তিনি মেলায় স্থাপিত বিভিন্ন ফলজ, বনজ ও শোভাবর্ধনকারী গাছের স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য