দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো অবস্থায় নেই উল্লেখ করে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কোনো তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে এখন কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হলেও এর পূর্ণাঙ্গ সুফল পেতে দেশকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হতে পারে।
তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। তবে সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতি কাটিয়ে উঠতে গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ এনার্জি মিক্স তৈরির কাজ চলছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য অবকাঠামোগত উন্নয়ন ও পরিকল্পিত বিনিয়োগ প্রয়োজন। তাই দ্রুত সমাধানের পরিবর্তে টেকসই ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে ব্যাংকিং খাতের অস্থিরতা প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উচ্চমাত্রার খেলাপি ঋণসহ বিভিন্ন আর্থিক জটিলতা দূর করতে শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর করলে হবে না।
ব্যাংক পুনর্গঠন এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।