চলমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন সামগ্রী প্রদান করেছে রায়পুর পৌরসভা। হাসপাতালের বেড সংকটের কারণে বারান্দায় অবস্থানরত রোগীদের স্বস্তি দেওয়ার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার।
পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি উন্নতমানের রহিমাফরুজ (RAHIMAFROOZ) আইপিএস, দুটি উন্নতমানের সোলার সিস্টেম সংযুক্ত ব্যাটারি এবং ১০টি বিআরবি (BRB) ফ্যান দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, উন্নত ক্ষমতাসম্পন্ন আইপিএসটির মাধ্যমে একসঙ্গে আনুমানিক ২৫টি ফ্যান ও ২০টি লাইট চালানো সম্ভব হবে। পাশাপাশি বিদ্যুৎ না থাকাকালীন ছোটখাটো কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং জরুরি নেবুলাইজেশন কার্যক্রম পরিচালনাও করা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, “আশা করি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের দীর্ঘসময়ের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে। জনস্বার্থে রায়পুর পৌরসভা সর্বদা সচেষ্ট।”
হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে পৌরসভার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।