‘আমার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফসল এবারের সংসদ’: অস্থায়ী রাষ্ট্রপতি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৪:১৪
‘আমার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফসল এবারের সংসদ’: অস্থায়ী রাষ্ট্রপতি

অতীতের অনেক জাতীয় সংসদ ও নির্বাচন নানা ধরনের বিড়ম্বনা সৃষ্টি করেছে উল্লেখ করে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এবারের সংসদ তার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফসল।

বুধবার (৫ আগস্ট) জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, জুলাই যোদ্ধারা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছেন ও জীবন দিয়েছেন, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব প্রধানত বর্তমান সংসদের। সবাই মিলে এ দায়িত্ব সুচারুভাবে পালন করতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘এই সংসদ গণঅভ্যুত্থানের ফসল। এই সংসদ একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবে—এই আশায় বুক বেঁধেছে দেশের সকল মানুষ।’

বর্তমান সংসদের গুণগত মানের প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমার বেশ কয়েকটি সংসদ দেখার সুযোগ হয়েছে। মনে হয়, এবারের যেই সংসদটি গঠিত হয়েছে, অতীতের যেকোনো সংসদের চেয়ে গুণগত মানে অনেক উৎকৃষ্ট একটি সংসদ আমরা পেয়েছি।’

অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, জাতীয় সংসদ ও বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং যারা অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা।

তিনি বলেন, ‘এটাই আমাদের প্রধান দায়িত্ব।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে, এই জুলাই গণঅভ্যুত্থানও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে।’

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এক বা দুই দিনে সংঘটিত হয়নি; এর পেছনে ১৬ বছরের দীর্ঘ সংগ্রাম ছিল। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ আন্দোলনকে গৌরবময় কাহিনি হিসেবে উল্লেখ করে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, এ নিয়ে দেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে।

জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেবো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করবো।’

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য