আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৬
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশে আল-কায়েদার (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এ কারণে সরকার প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে আমলে নিচ্ছে না।


সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের ওই প্রতিবেদন তিনি এখনো পড়েননি, তবে প্রতিবেদনটির বিষয়ে শুনেছেন। সেখানে কিছু পর্যবেক্ষণ থাকতে পারে। প্রতিবেদনটি না দেখে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকার সক্ষম হয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে কিছুটা সময় লাগবে। গত ছয় মাসে সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক সংস্কার কাজ করেছে বলেও দাবি করেন তিনি।


জ্বালানি সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছিল। বাংলাদেশও এর বাইরে ছিল না। তবে দীর্ঘ এক মাস পর্যন্ত জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়নি। পরে সহনীয় পর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।


তিনি বলেন, গ্যাস ও জ্বালানি সংকটের একটি বড় অংশ আগের সরকারের সময়ের রেখে যাওয়া সমস্যা। রাতারাতি এসব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগের সরকারের সময়ে গ্যাসের চাহিদা পূরণে আমদানিনির্ভরতা বেড়েছিল। এই নির্ভরতা কমাতে দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকায় নতুন গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় গ্যাসের মাধ্যমে সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার একটি সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য