দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনো জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে সরকারের সময় প্রয়োজন।
সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হয়েছে, তা জনগণই মূল্যায়ন করবে। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও সময় লাগবে।
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি অনুমাননির্ভর। তাই এমন কোনো অনুমাননির্ভর প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না।
## মাতারবাড়ীতে এলএনজি টার্মিনালের পরিকল্পনা
জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য জ্বালানি মজুত রাখার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা দেশের নিজস্ব উৎস থেকেই পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।