দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৭ জন।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২ জুলাই সকাল ৮টা থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে হাম উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন ৯৬৮ জন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে।
এদিকে একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। এতে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৭ হাজার ২৬২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম উপসর্গে মোট ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জন।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।