২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি টাকা, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর

দে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪
২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি টাকা, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর


মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা। মাগুরায় এমন অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ভুক্তভোগী গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।


মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের ওই বিদ্যুৎ বিল তৈরি করা হয়। বিলে তার ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ দেখানো হয় ২৩৫ ইউনিট। অথচ পরিশোধযোগ্য টাকার ঘরে উল্লেখ করা হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা।


অস্বাভাবিক অঙ্কের বিল হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়। পরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আলেয়া খাতুন মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া জোনাল কার্যালয়ে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন।


অভিযোগ পাওয়ার পর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বিলটি পরীক্ষা করেন এবং ভুল শনাক্ত হওয়ার পর তা সংশোধন করা হয়।


ঘটনার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আলেয়া খাতুনকে ফোন করেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অস্বাভাবিক বিল তৈরির ঘটনায় গ্রাহকের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।


এদিকে এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএমকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।


একই ঘটনায় আড়পাড়া জোনাল কার্যালয়ের চার কর্মকর্তা-কর্মচারীকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম, বিলিং সুপারভাইজার সীমা রানী, বিলিং সহকারী সুমা রানী ঘোষ এবং মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তোরাব আলী।


তাদের প্রত্যেককে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।


২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০০ কোটির বেশি টাকার বিল তৈরির ঘটনা সামনে আসার পর বিদ্যুৎ বিল প্রস্তুত ও যাচাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য