ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গেই থাকছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
চুক্তির মেয়াদ শেষ হতে মাত্র ১২ মাস বাকি থাকায় এবং গত ১৮ মাস ধরে চলা আলোচনায় কিছুটা অচলাবস্থা তৈরি হওয়ায় ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল আর্সেনাল।
তবে বুধবার রিয়ালের দেওয়া নতুন প্রস্তাবে সম্মতি জানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন ভিনিসিয়ুস। এ সময়ে তিনি দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন।
### দিওমান্দেকেও দলে ভেড়াল রিয়াল
ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের দিনই দলবদলের বাজারে আরও বড় চমক দিয়েছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব লাইপজিগ থেকে আইভরিকোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে তারা। তার সম্ভাব্য ট্রান্সফার ফি প্রায় ১২ কোটি পাউন্ড বা ১৪ কোটি ইউরো বলে জানা গেছে।
রিয়ালের নতুন কোচ জোসে মরিনহোর অধীনে চলতি দলবদলে এটি ক্লাবটির ষষ্ঠ সাইনিং। এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা।