ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. Tasnim Zara নির্বাচনি তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তাসনিম জারা লেখেন, নির্বাচনি তহবিলে যারা অনুদান দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রেক্ষাপটে যারা তাদের দেওয়া অনুদান ফেরত পেতে চান, তারা নির্দিষ্ট ফরম পূরণ করে অর্থ ফেরত নিতে পারবেন।
তিনি জানান, ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া হলে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। কেউ সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়ে থাকলে জমা স্লিপ হারিয়ে গেলেও আবেদন করা যাবে। সে ক্ষেত্রে অতিরিক্ত যাচাই–বাছাইয়ের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।
মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অনুদান দেওয়া হলেও আলাদা ফরম পূরণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
ফরম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ ২০২৬। পোস্টের শেষাংশে তিনি অনুদানদাতাদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।