‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের যাত্রা ঘোষণা করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অংশ এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত অ্যাকটিভিস্টদের সমন্বয়ে গঠিত হয়েছে এই নতুন প্ল্যাটফর্ম। এনপিএ-এর লক্ষ্য হলো জনগণের অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করা।
প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই এনপিএ আগামী কার্যক্রম পরিচালনা করবে। এদের মূলমন্ত্রে রয়েছে—গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা।
নতুন রাজনৈতিক মহল ও সক্রিয় নাগরিকদের অংশগ্রহণে গঠিত এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হলো জনগণের মতামত ও শক্তিকে রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে আনা এবং সমাজে আরও ন্যায়, সমতার ভিত্তিতে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা।