নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সঙ্গে ‘জনতার দল’ নামের আরেকটি দলও নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে। পুনঃতদন্তের পর নির্বাচন কমিশন (ইসি) নীতিগতভাবে এই দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পুনঃযাচাই-বাছাইয়ের মাধ্যমে দেখা গেছে, উভয় দলের জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম এবং স্থায়ী কার্যালয়ের অস্তিত্ব রয়েছে। সব শর্ত পূরণ করায় তাদের নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি জানিয়েছে, দলগুলোর বিষয়ে কোনো আপত্তি থাকলে তা ৯ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে।
নিবন্ধন না থাকায় ‘আমজনতার দলের’ সদস্য সচিব তারেক রহমান এক সময় নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন। ইসির ইতিবাচক সিদ্ধান্তে অবশেষে দলটি নিবন্ধনের সুযোগ পাচ্ছে।
ইসির ঘোষণার পর তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন—“আলহামদুলিল্লাহ, প্রজাপতির সঙ্গে থাকুন।” তিনি নিজের হাতে তুলে দেওয়া প্রজাপতির ছবিও শেয়ার করেছেন। পোস্টে ইতিমধ্যেই দুই লাখের বেশি ভিউ, ২৮ হাজার রিঅ্যাক্ট এবং ৪,৮০০ মন্তব্য পড়েছে।
তারেক রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, “আমরা প্রজাপতি প্রতীকে নিবন্ধন পাচ্ছি। ইসি জানিয়েছে, নিবন্ধনের সব শর্ত আমরা পূরণ করেছি। এখন বিজ্ঞপ্তি প্রকাশের পর গেজেট জারি হবে।”