দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫৫৬ জন। ফলে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
একই সময়ে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ২৪৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করাও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।