চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের মাটি খননের সময় ভয়াবহ দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে আগ্রাবাদ এক্সেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের নাম রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। নিহতদের পূর্ণ পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
আহত দুই শ্রমিক সাগর ও এরশাদ বর্তমানে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি কাটার কাজ চলাকালীন হঠাৎ চার শ্রমিক মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো এই স্যুয়ারেজ প্রকল্পের কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, গভীর রাতে ট্রায়াল পিট করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।