মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘বড় ছড়া’ স্থানীয়ভাবে ইজারা দেওয়া বন্ধের দাবিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে। পরিবেশ বিপর্যয় রক্ষা এবং এলাকার একমাত্র প্রাকৃতিক এই জলাধারের অস্তিত্ব টিকিয়ে রাখতে শিগগিরই এক বিশাল মানববন্ধনের ডাক দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
আগামী ২৪মে(রবিবার) বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের সড়কে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।এতে স্থানীয় সচেতন মহল, পরিবেশবাদী সংগঠন এবং সর্বস্তরের সাধারণ জনগণের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার ছাত্র-জনতা ও পেশাজীবীদের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, ইজারা প্রক্রিয়ার মাধ্যমে বড় ছড়া থেকে নির্বিচারে বালু বা প্রাকৃতির সম্পদ উত্তোলন করা হলে তা স্থানীয় পরিবেশের ওপর মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। বিশেষ করে ছড়ার তীরবর্তী স্কুল,মন্দির ফসলি জমি, বসতভিটা এবং বরমচালের যোগাযোগ ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি বিভিন্ন সেতু ও স্লুইসগেটগুলো চরম ঝুঁকিতে পড়বে।যার ফলে বর্ষা মৌসুমে ভাঙন আতঙ্ক আরও তীব্র রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, বড় ছড়া কোনো ইজারাদারের বাণিজ্যিক স্বার্থে ধ্বংস হতে দেওয়া যাবে না,এটি এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও জনগণের জীবন-জীবিকার সাথে মিশে আছে। ছড়াটি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে ইজারা সম্পূর্ণ বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।বড় ছড়া রক্ষার্থে খুব শিগগির মানববন্ধন থেকেই পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন