পুলিশ বাহিনীতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, এ নিয়োগ কার্যক্রম দ্রুত শুরু করা হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব অস্ত্র উদ্ধারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও হতে পারে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে সেগুলো বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট অস্ত্রের অনুমতিও বাতিল হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনপ্রত্যাশা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে পরিচালনাই সরকারের লক্ষ্য।