রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ১৩ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে এ ঘটনায় মোট ২২ আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলার ২২ আসামির মধ্যে ৯ জন আদালতে হাজির ছিলেন। বাকি ১৩ জন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, অনুপস্থিত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে ২ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহ জালাল মুন্সী ২২ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির সাতটি ধারায় অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণের পর বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা সরকারি বিধিনিষেধ অমান্য করে অনুমোদন ছাড়াই হোটেল ব্যবসা পরিচালনা করেন এবং সেখানে গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রিক ওভেন ব্যবহার করা হয়, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন সম্পূর্ণভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা যান।