ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দেশটির রাষ্ট্রপতির দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ যোশীকে দেওয়া হয়েছে।
বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি আগের মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
এর আগে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ৩৫ দিনের আন্দোলনের মধ্যে শনিবার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, চলমান পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যেন নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছেন এবং একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থাকেই শক্তিশালী জাতি গঠনের ভিত্তি হিসেবে বিশ্বাস করেন।
এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তারা জানান, কেন্দ্র সরকার তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর আন্দোলনের প্রেক্ষাপটে এই মন্ত্রিসভা পরিবর্তন ভারতের শিক্ষা খাতের চলমান সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।