সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু'র নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ বিষয়ে সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন,
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বিক্রির অপরাধে দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ২৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৩টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ জালগুলো তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং রং মিশ্রিত প্রায় ২০ কেজি শিং মাছ জব্দ করে যমুনা নদীতে অবমুক্ত করা হয়।
মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।