রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, ফটিকছড়ি-হাটহাজারীতে উৎসবের আমেজ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১২:৪০
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, ফটিকছড়ি-হাটহাজারীতে উৎসবের আমেজ


বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।


প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।


### বাঁশখালীতে ত্রাণ বিতরণজ


প্রশাসন সূত্রে জানা গেছে, সফরের শুরুতে প্রধানমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। সেখানে সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি নতুন ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।


এরপর দুপুরের দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দংয়ের পেলাগাজী দিঘির সিএন্ডবি মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।


সেখান থেকে সড়কপথে তিনি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।


পাশাপাশি দেশের শীর্ষ আলেমদের নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


### হাটহাজারীতে জনসভা


সফরসূচি অনুযায়ী, বিকেলে সড়কপথে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদরাসা পরিদর্শন করবেন। সেখানে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন তিনি।


পরে হাটহাজারী কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


### সাজসজ্জায় বদলে গেছে ফটিকছড়ি


প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ফটিকছড়ির পাইন্দং থেকে বাবুনগর মাদরাসা পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় বিশেষ সাজসজ্জা করা হয়েছে। বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সড়কের দুই পাশ।


যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করেছে জেলা পুলিশ।


চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে।


তিনি বলেন, ‘ফটিকছড়িবাসী দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। এই সফরের মধ্য দিয়ে ফটিকছড়ির সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও সার্বিক উন্নয়নের দাবিগুলো আমরা তাঁর কাছে তুলে ধরব।’


এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে বন্যার এই সংকটকালে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি দুর্গত মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।


ফটিকছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, হেলিপ্যাড নির্মাণ থেকে শুরু করে জনসভাস্থল ও যাতায়াতের প্রতিটি পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ শাখার সদস্যরা কাজ করছেন।


সব প্রস্তুতি শেষ করে এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ফটিকছড়িবাসী।



/এএন

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য