ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া আরও ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (২৫ জুলাই) দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, নতুন সেনাদের গ্রহণ ও অবস্থানের জন্য রাশিয়া ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।
তার দাবি, ২০২৪ সালে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম দফায় প্রায় ১৪ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। এবার সেই সংখ্যা আরও ৩০ হাজার বাড়ানোর পরিকল্পনা করছে ক্রেমলিন।
জেলেনস্কি আরও জানান, নতুন সেনাদের গ্রহণের লক্ষ্যে রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে চলতি বছরের জুন মাস থেকেই অবকাঠামোগত প্রস্তুতি চলছে।
তিনি অভিযোগ করেন, সেনা পাঠানোর পাশাপাশি উত্তর কোরিয়া রাশিয়াকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চার) সরবরাহেরও প্রস্তুতি নিচ্ছে।
উত্তর কোরিয়ার এই সামরিক সহযোগিতা শুধু ইউক্রেনের জন্য নয়, সমগ্র এশিয়ার নিরাপত্তার জন্যও হুমকি বলে মন্তব্য করেন জেলেনস্কি। তার ভাষ্য, যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে উত্তর কোরিয়ার সেনারা বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে এবং দেশটির অস্ত্রব্যবস্থার আধুনিকায়নও ত্বরান্বিত হচ্ছে। এর ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় থাকা এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।
এদিকে, এই সম্মিলিত সামরিক হুমকির বিরুদ্ধে ইউক্রেন উপযুক্ত জবাব দেবে বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
তবে জেলেনস্কির এই দাবির বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।