রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৮:৩৬
রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার


আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জাতীয় সংসদে বিরোধী দল বা ১১ দলীয় জোট থেকে প্রার্থী ঘোষণা করায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনো মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া বাকি রয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করে ১১ দলীয় জোট। জোটের বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

এদিকে রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন ভবন থেকে দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

বিএনপির পক্ষ থেকে কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানই রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন করবেন বলে জানা গেছে।

সরকারি দল ও বিরোধী জোটের প্রার্থী চূড়ান্ত হলে আগামী ২০ আগস্ট ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’র দায়িত্ব পালন করছেন।

এর আগে দেশের ইতিহাসে মাত্র একবার রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুর রহমান বিশ্বাস। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী।

এরপর থেকে সব রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হলেও সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর জয়ী হওয়ার সুযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রার্থী একজন হলে ভোটের প্রয়োজন হয় না

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী একজন হলে এবং যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ বিবেচিত হলে নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করবে। তবে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে তাদের নাম নির্বাচনের জন্য ঘোষণা করবে কমিশন।

এ ক্ষেত্রে সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে স্পিকার সাত দিন আগে সংসদ অধিবেশন আহ্বান করতে পারেন।

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, অধিবেশনটি স্বল্পমেয়াদি হবে।

তফসিল

আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্র চূড়ান্ত হবে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য