পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় বৃহস্পতিবার

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 08 Jul 2026, 08:00 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আংশিক শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়।

এর আগে, গত বছরের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের অনুমতি (লিভ টু আপিল) দেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তিসংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল ঘোষণা করা হয়।

এছাড়া সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযোজিত ৭(ক), ৭(খ) এবং ৪৪(২) অনুচ্ছেদও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট।

পরে গত বছরের ৮ জুলাই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চারজন পৃথকভাবে লিভ টু আপিল করেন। একই বিষয়ে পৃথক লিভ টু আপিল করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং মোফাজ্জল হোসেন।

চার বিশিষ্ট ব্যক্তির পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। অন্যদিকে মিয়া গোলাম পরওয়ার ও মোফাজ্জল হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হয়েছে, যা কার্যত সংবিধান পুনর্লিখনের শামিল। তিনি আদালতে যুক্তি তুলে ধরে বলেন, সংবিধানের নীতিনির্ধারণী বিষয়গুলো সংসদের বিবেচনার বিষয়। কোন সংশোধনী বহাল থাকবে বা পরিবর্তন হবে, সে সিদ্ধান্ত আদালতের পরিবর্তে সংসদের নেওয়াই সমীচীন। তার মতে, প্রস্তাবনায় আনা পরিবর্তনগুলোর বিষয়েও আদালতের পরিবর্তে সংসদ জুলাই চার্টারের আলোকে আলোচনা ও সিদ্ধান্ত নিতে পারে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য