জনগণের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই এসব নির্বাচন সম্পন্ন করা হবে।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, বিগত সরকার যথাযথভাবে নির্বাচন আয়োজন করেনি। বিএনপি সরকার স্থানীয় সরকারসহ প্রতিটি স্তরে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। আওয়ামী লীগ সরকার ধনিকশ্রেণির স্বার্থ রক্ষা করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে কাজ করবে বলে জানান মন্ত্রী।
দুর্নীতি প্রতিরোধের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দুর্নীতির তথ্য পাওয়া গেলে তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেবে।
রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং আইনের শাসন ও সুশাসনে বিশ্বাস করে।
দেশে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান ড. মঈন খান।