নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গণধোলাই’ দেওয়ার আহ্বান বিএনপি নেতার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গণধোলাই’ দেওয়ার আহ্বান বিএনপি নেতার



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে, সেখানে ‘লাঠিপেটা করে গণধোলাই’ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।


সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ করে ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীনের বক্তব্যের প্রসঙ্গ টেনে সেটিকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে মন্তব্য করেন তিনি।


এমদাদ হোসেন দাবি করেন, শুধু নাসীরুদ্দীন নন, এনসিপির অন্য নেতাদের বক্তব্যও দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। তাদের প্রতিহত করা না হলে এ ধরনের বক্তব্য আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।


এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে, সেখানে ‘লাঠিপেটা করে গণধোলাই’ দেওয়ার আহ্বান জানান সিলেট মহানগর বিএনপির এই নেতা।


নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ বলেও মন্তব্য করেন এমদাদ হোসেন। তার দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে দেওয়া এসব বক্তব্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।


এনসিপি নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় তাদের বহন করতে হবে।


এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত একটি মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, তাদের তিনটি দাবি মেনে নেওয়া হলে ঢাকা শহরে আর ককটেল বিস্ফোরণ হবে না।


তার ওই বক্তব্যের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য