ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের গাম্বিয়ান শিক্ষার্থী সালিমা জালোকে মাসিক আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বিএনপি সমর্থিত) সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন স্বাক্ষরিত চুক্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের কাছে চেক হস্তান্তর করেন প্রাক্তনরা।
সংগঠনটির সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে সালিমা জালোর পড়াশোনা সুচারুভাবে চালিয়ে যাওয়ার সুবিধার্থে ২০২৬ সালের অক্টোবর মাস থেকে শুরু করে তাঁর শিক্ষা জীবন সমাপ্তি হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ (তিন হাজার) টাকা করে এই বৃত্তি প্রদান করা হবে। অ্যাসোসিয়েশনের নির্ধারিত নিয়মাবলি ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা সাপেক্ষে এ আর্থিক সুবিধা কার্যকর থাকবে।
আরও জানায়, এই আর্থিক সহায়তা বিদেশি শিক্ষার্থী সালিমা চালোর পড়াশোনার খরচ লাঘব করবে এবং তাঁর অ্যাকাডেমিক মনোনিবেশে ভূমিকা রাখবে। একই সাথে এটি শিক্ষা ও ব্যক্তিগত সমৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে অ্যাসোসিয়েশন আশাবাদ ব্যক্ত করে।
উক্ত স্কলারশিপ বা সহায়তা সংক্রান্ত অনুসন্ধানের জন্য অ্যাসোসিয়েশনের স্টুডেন্ট-অ্যালামনাই মেন্টরশিপ সেক্রেটারি ও ইবির ডেপুটি রেজিস্ট্রার এসএম সাদাত হোসেন এবং অ্যালামনাই অফিসের অফিস সেক্রেটারি মুসাদ্দেরুল হক-এর সাথে যোগাযোগের জন্য বলা হয়েছে।
এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বিএনপি সমর্থিত) সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন বলেন, আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। সরকারের সিস্টেমের ভুলের কারণে আমাদের পাশে থাকতে হচ্ছে, অথচ সরকারের উচিত ছিল বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ সুবিধা রাখা। আমাদের পরিকল্পনা পর্যায়ক্রমে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা।