চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না: প্রতিমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না: প্রতিমন্ত্রী



চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশনের বক্তব্যের ভিত্তিতে তিনি এ কথা জানিয়েছেন। তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্বাচন কমিশনই নির্ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না। রমজান ও বিভিন্ন পরীক্ষার সময়সূচি বিবেচনায় আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।


তবে ঠিক কবে থেকে ভোট শুরু হবে, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের বলে জানান তিনি।


স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এসব নির্বাচন সম্পন্ন করতে প্রায় ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এ পরিমাণ অর্থের বাজেট প্রস্তুত রয়েছে।


এ সময় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম।


তিনি বলেন, সারা দেশে স্থানীয় সরকার বিভাগের অধীন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজার মিলিয়ে ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার।


২০২৭ সালের জানুয়ারি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে ৩৭০ কোটি টাকা ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য