সিলেটে একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক প্রভাষককে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় **৪০০টি উত্তরপত্র** জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকান থেকে এসব উত্তরপত্র জব্দ করা হয়।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তরপত্রগুলো জব্দ করেন।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রোসিটি ওমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড জানিয়েছে, তদন্তে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।